সুন্নাত-বিদআতের সঠিক পরিচয় | ইসলামী বই | লেখক : আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)
বই : সুন্নাত-বিদআতের সঠিক পরিচয়
লেখক : আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)
= = = = = = = =
পর্যালোচনা :
'সুন্নাত'। একটি আরবি শব্দ। আরববিশ্বের সীমানা পেরিয়ে, আরববহির্ভূত সর্বত্রই শ্রুতিমধুর এই শব্দটির বিস্তার। রাসূল (সা.) প্রত্যক্ষভাবে যা কিছু করেছেন, কিংবা পরোক্ষভাবে সমর্থন জানিয়েছেন সেসব আমল অনুসরণ করাই সুন্নাত।
রাসূল (সা.)-এর সেই পূণ্যময় সুন্নাতগুলো পৃথিবীর সমস্ত মুসলমানদের মুসলমানিত্বে আজও স্বমহিমায় বিদ্যমান। কিন্তু যুগের বিস্তর ব্যবধানে সেই সুন্নাতের মুখোশ পরে সমাজে অনুপ্রবেশ ঘটেছে অসংখ্য বিদআতের। সেসব বিদআত সুন্নাতের রূপধারণ করলেও মূলত সেগুলো সুন্নাতপরিপন্থী কর্মকাণ্ড।
বিদআত শব্দটিও আরবি। অর্থাত্ সৃষ্টি, উদ্ভব, আবিষ্কার, নতুনত্ব। শরীয়তে যেটা সুন্নাত নয়, এমন কাজকে সুন্নাত ভেবে, কিংবা সওয়াবের উদ্দেশ্যে উদ্ভব কিছু ধর্মে সংযোজনই বিদআত। আর প্রতিটি বিদআতই গোমরাহ তথা বিপথগামীতা। প্রত্যেকটি বিদআতই ঈমানধ্বংসী।
কিন্তু আজ আমাদের সমাজে বিদআতের সয়লাব! চারদিকে বিদআতের ছড়াছড়ি! এমনকি কিছু কিছু বিদআত এমনভাবে প্রবেশ করেছে যেগুলো আমরা রীতিমত সুন্নাত ভেবে বসি! যার ফলে নিজের অজান্তেই আমরা বিদআতের বেড়াজালে আবদ্ধ হচ্ছি!
বাদে`ঈ তথা বিদআতপ্রবর্তক কে?
বিদআতের ব্যুত্পত্তি কী? এর অনুপ্রবেশ ঘটে কীভাবে? কোনটি বিদআত চিনার পদ্ধতি কী? এবং বিদআত কীভাবে বর্জন করব, কিংবা তার থেকে দূরে থাকব কীভাবে- এসব সমস্যার সমাধান ও এসব ভ্রান্তির নিরসনকল্পেই "সুন্নাত-বিদআতের সঠিক পরিচয়" বইটি রচিত। বইটিতে সুন্নাত ও বিদআতের মহার্ঘ আলোচনা ও তাত্ত্বিক বিশ্লেষণ করা হয়েছে। তুলে ধরা হয়েছে বিদআতের ভয়াবহতা। ঈমাননাশক এই কর্মকাণ্ডের স্বপক্ষে বিদআতপন্থীদের উত্থাপিত দলিলের রদ করা হয়েছে। সুন্নাতের পাবন্দিতে বিদআতনাশের দৃষ্টান্তও বইটির আরেকটি বিশেষত্ব। সর্বোপরি সুন্নাত-বিদআতের সঠিক পরিচয় এবং সুন্নাতের সুফল ও বিদআতের ভয়াবহ পরিণতির সম্যক বর্ণনা করা হয়েছে বইটিতে।
প্রচলিত মিলাদ, কিয়াম, ওরশ, ফাতেহা, চল্লিশা, কবরে গম্বুজ, সম্মিলিত দোয়া, আজানান্তে আঙ্গুল চোখে স্পর্শ, ঈসালে সওয়াবের রুসম- এগুলো কি সুন্নাত? না সুন্নাতের বেশ ধরে, পূণ্যের আবরণে কোন উদ্ভব বিদআত- তাও জানা যাবে বইটিতে। এমন আরো অনেক অনেক বিদআতের আলোচনা রয়েছে।
বিভিন্ন অধ্যায়ে, প্রভিন্ন শিরোনামে, ভিন্ন ভিন্ন বিন্যাসে এসব মাসায়িল নিয়ে লেখক বইটি সাজিয়েছেন। যার দরুন বইটি খুবই ফলপ্রসূ। যারা সঠিক সুন্নাতকে জানতে চায়, বিদআতের স্বরূপ উদ্ঘাটন করতে চায় এবং যারা আবেগপ্রবণ হয়ে সুন্নাত ও বিদআতকে গুলিয়ে ফেলে তাদের জন্য বইটি পড়া ব্যাপক ফলদায়ক বলে আমি
মনে করি।
বইটির প্রচ্ছদ অত্যন্ত চমত্কার। বাইন্ডিং মজবুত। শব্দশৈলী ঝরঝরে। বাক্যবিন্যাস সুবিন্যস্ত। লিখনী সাবলীল। মুদ্রণপ্রমাদ থাকলেও বইটি সুখপাঠ্য। পাঠক উত্ফুল্লচিত্তেই পড়ে যেতে পারবে। বিষয়ভিত্তিক বিস্তৃত আলোচনা হওয়ায় বইটি প্রশংসার দাবি রাখে। সবমিলিয়ে প্রভূত ফলপ্রসারিত একটি গ্রন্থ।
প্রকাশনী: মাকতাবাতুল মাদানী
প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০০৯ ইংরেজি
মুদ্রিত মূল্য: ১৫০ টাকা
পৃষ্ঠা: ১৯১
যোগাযোগ :
01979-575757
01837-607333
লিখেছে, সালেহ খান বাবলু
ছাত্র : দারুল উলূম হাটহাজারী

No comments